রনির গ্রেফতার ও সাজা ‘ষড়যন্ত্রমূলক’ : মহিউদ্দিন
মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি’র নিঃশর্ত মুক্তির দাবিতে আদালত চত্বরে নেতাকর্মীদের বিক্ষোভ -সুপ্রভাত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিধিভঙ্গের দায়ে কারাদণ্ডপ্রাপ্ত নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির গ্রেফতার ও সাজা ‘ষড়যন্ত্রমূলক’ বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
রনির মুক্তির দাবিতে মঙ্গলবার নিজের বাসায় ১৪ দল চট্টগ্রামের এক জরুরি সভায় তিনি বলেন, ‘নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রনিকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার ও তাৎক্ষণিক সাজা দিয়ে কর্তব্যরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহল বিশেষকে খুশি করেছেন।
এতে ওই বিচারক কলঙ্কের ভাগী হয়েছেন এবং বিব্রতকর পরিসি’তি সৃষ্টি করে দল ও সরকারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়েছেন। এ অপচেষ্টাকে অবশ্যই প্রতিহত করা হবে।’ খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
গত শনিবার হাটাহাজারী উপজেলার মির্জাপুরে একটি ভোটকেন্দ্র থেকে অস্ত্র ও গুলিসহ নুরুল আজিম রনিকে আটক করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ। সেসময় তার কাছে নগদ ২৬ হাজার টাকা ও একটি সিল পাওয়া যায়।
ওইদিন রাতেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অপরাধে কর্তব্যরত বিচারিক হাকিম রনিকে দুই বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি হাটহাজারী থানায় অস্ত্র আইনে একটি মামলা করে পুলিশ। ৮ মে সকালে রনিকে কারাগারে পাঠানো হয়।
এরপর থেকে আদালত ভবন এলাকায় একাধিকবার অবস’ান কর্মসূচি পালন করেছে রনির সমর্থকরা। প্রায় প্রতিদিনই তারা নগরীতে মিছিল সমাবেশ করছে।
নগরীর রাজনীতিতে মহিউদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত রনির জামিন আবেদন মঙ্গলবার নাকচ করে আদালত।
রনির গ্রেফতার ‘পূর্বপরিকল্পিত’ দাবি করে ১৪ দল চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মহিউদ্দিন বলেন, তাকে গ্রেফতার করা হয়েছে ভোট কেন্দ্রের বাইরে থেকে। এতে প্রতীয়মান হয় তাকে ফাঁসানোর জন্যই প্রশাসনে ঘাপটি মেরে থাকা মহল বিশেষ একটি ছক তৈরি করে রেখেছিল।
কর্তব্যরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেই অনুযায়ী রনিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসিয়ে তার পেশাগত মর্যাদা কলঙ্কিত করেছেন।
মহিউদ্দিন চৌধুরী বলেন, তিনি (ম্যাজিস্ট্রেট) যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তখন তার রাজনৈতিক পরিচয় ও ভূমিকা সম্পর্কে আমরা অবগত। তিনি শিবিরের মেসে থাকতেন এবং ক্যাম্পাসে শিবিরের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।
রনিকে আবারও রাজপথে ফেরাতে সব প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান চট্টগ্রামের সাবেক এই মেয়র। 
এছাড়া রনির ‘ষড়যন্ত্রমূলক’ গ্রেফতার ও তড়িঘড়ি সাজা প্রদানের বিষয়টি ১৪ দলের পাঁচ সদস্যের একটি দল তদন্ত করবে বলেও জানান তিনি।

No comments:
Post a Comment